আবু ধাবি টেস্টের দ্বিতীয় দিনে ৫৭০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে এক উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফলে এখনও ৫৪৮ রানে এগিয়ে আছে মিজবাহরা।

দুবাই টেস্টের পর আবু ধাবি টেস্টেও আলো ছড়িয়েছে পাক ব্যাটসম্যানরা। ইউনিস খানের ডাবল সেঞ্চুরির সঙ্গে আযহার আলী ও মিজবাহ সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে তারা। কিন্তু পাক ব্যাটসম্যানদের পরাস্ত করতে পারেনি অস্ট্রেলিয়ার বোলাররা। অবশেষে ছয় উইকেট ৫৭০ রানে ইনিংস ঘোষণা করল পাকিস্তান।

শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে ৩০৪ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। হাতে ছিল আটটি উইকেট। এদিন ১০১ রান নিয়ে খেলা শুরু করা আযহার আলী ১০৯ সাজঘরে ফিরে যান। তবে ১১১ রান নিয়ে মাঠে নামা ইউনিস খানকে আউট করতে ঘাম ঝড়াতে হয়েছে অসি বোলারদেরকে। সমান তালে ব্যাট চালিয়েছিলেন মিজবাহও। সেঞ্চুরি পূর্ণ করে ১০১ রান করে আউট হন তিনি। ইউনিস করেন ২১৩ রান। শেষ পর্যন্ত সরফরাজ আহমেদ ১৯ ও ইয়াসির ১ রান নিয়ে অপরাজিত থাকেন।

জবাবে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতে মাত্র ২১ রান করে। ইমরান খানের বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন ক্রিস রোজার্স। তৃতীয় দিনে ডেভিড ওয়ার্নার ১৬ ও লিয়ন ১ রান নিয়ে খেলা শুরু করবেন।

জেডআই