দীর্ঘ দিনের দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) সঙ্গে কোনও প্রকার আলোচনা না করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার।

রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ দুটির মধ্যে বার বার ক্রিকেটীয় সম্পর্ক বাধাগ্রস্ত হচ্ছে।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন সরকারের কাছ থেকে নতুন করে নির্দেশনা না পাওয়া পর্যন্ত অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষীয় ক্রিকেটীয় সম্পর্ক পুন:স্থাপনে ভারতীয় বোর্ডের সঙ্গে পিসিবি কোন আলোচনা করবে না।

খান বলেন, ‘সরকার স্পস্ট করে বলে দিয়েছে-পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইন্দো-পাক ক্রিকেট সিরিজ সম্পর্কে আমরা যাতে কোন বিবৃতি না দেই এবং ভারতীয় বোর্ডের সঙ্গে কোন প্রকার আলোচনা না করি।’

কুটনীতিবিদ খান বলেন যে কারণে সম্প্রতিক আইসিসি সভায় বিসিসিআইর সঙ্গে পিসিবি কোন আলোচনা করেনি।

তবে খান বলেন অনুরাগ ঠাকুর বিসিসিআইর নতুন সভাপতি নির্বাচিত হওয়াটা ভবিষ্যতে ইন্দে-পাক আলোচনার জন্য ইতিবাচক অগ্রগতি।

তিনি বলেন, ‘আমার মতে ঠাকুর বিসিসিআই ও সরকার উভয়ের প্রতিনিধিত্ব করেন। সুতরাং সময় হলে একই ব্যক্তির সঙ্গে আলোচনা অনেক সহজ হবে।’

ভারতের সরকারী দল বিজেপির গুরুত্বপূর্ণ পদে আছেন ঠাকুর। একই সঙ্গে সংসদ সদস্যও।

খান বলেন, ভারত গত জানুয়ারীতে কোন নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি না হওয়ায় পাকিস্তান ক্রিকেট অর্থনৈতিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো বলেন, ‘দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুন:স্থাপনে বিসিসিআইকে রাজি করাতে আমরা সব কিছু করেছি। কিন্তু তারা সেভাবে সাড়া দেয়নি। সুতরাং এখন আমাদের সরকার কোন প্রকার আলোচনা না করার নির্দেশ দিয়েছেন।’

২০০৮ সালে মুম্বাই হামলার পর পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ কোন সিরিজ খেলেনি ভারতীয় ক্রিকেট দল। অবশ্য ২০১২/১৩ সালে শীতকালে সংক্ষিপ্ত সিরিজ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান দল।

এমবি