২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে রাশিয়ার লুজিনকি স্টেডিয়ামে। কিন্তু ফাইনালের আগেই ৮৯ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের আসন সংখ্যা আট হাজার কমিয়ে আনার ঘোষণা দিয়েছে রাশিয়ার সরকার।

সরকারের পক্ষ থেকে ওয়েব সাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, লুজিনকি অলিম্পিক কমপ্লেক্সের বিগ স্পোর্টস এরিনার আসন সংখ্যা ৮৯ হাজার থেকে ৮১ হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফিফার সাথে আলোচনা করে রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয় এই পরিবর্তনের ব্যাপারে একমত হয়েছে।

২০১৮ বিশ্বকাপের মূল ভেন্যু হিসেবে এই লুজিনকি স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে। ফাইনাল ছাড়াও উদ্বোধনী ম্যাচসহ আরো কয়েকটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিশ্বকাপ উপলক্ষে বর্তমানে এর সংস্কার কাজ চলছে।

উল্লেখ্য ২০১৮ বিশ্বকাপ ফুটবল রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর মধ্যে মস্কোতে দুটি এবং সেন্ট পিটার্সবার্গ, সামারা, সারানাস্ক, রোস্তোভ-অন-ডন, সোচি, কাজান, কালিনিনগ্রাড, ভোলগোগ্রাড, নিজনি নোভগোরোড এবং ইয়েকাটেরিনবার্গের একটি করে স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ঘোষণা করা হয়েছে।

জেডআই