বৃষ্টিতেও করুণ অবস্থা চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের। আসলে এবার এমন একটা সময়ে ইংল্যান্ডে আসর বসেছে, যখন সেখানে আবহাওয়া মোটেও ক্রিকেট উপযোগী নয়। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে।
টুর্নামেন্টের মাঝে এসে ভাসিয়ে দিচ্ছে বৃষ্টি। গতকাল ভারত-পাকিস্তান আগুন ম্যাচেও তিনবার হানা দিয়েছে বৃষ্টি। এরপরও ম্যাচের ফলাফল এসেছে। তবে, আজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস মোটেও ভালো কোনো খবর দিচ্ছে না। আজকে আবার দিবারাত্রির ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে খেলা। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস বলছে, ওভালে আজ বিকেল থেকেই বৃষ্টি হানা দেবে। সন্ধ্যায় ৭টার পর তা ভারী বর্ষণে রূপ নিতে পারে। রাত ১০টার দিকে আবারও বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা। এই হালকা বৃষ্টি আবার রাত ১টার দিকে ভারী বর্ষণে রুপ নেবে।
সমস্যা হলো, দুই দলের জন্যই আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় চাই টাইগারদের। তবে বৃষ্টির আবির্ভাব মানে ডাকওয়ার্থ- লুইস আইনে ম্যাচ গড়াবে। এতে কার কপাল খুলবে আর কারটা পুড়বে তা বলা মুশকিল। এছাড়া কমপক্ষে দুই ইনিংসে ২০ ওভার করে খেলা না হলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হবে।
এমই





