মেসি-নেইমার মানিকজোড় জুটিটা আজ সম্ভবত দেখা যাবে না। লা লীগায় মালাগার বিপক্ষে নেইমারের খেলা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। লেভান্তের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পান ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ৫১ মিনিটে তাকে উঠিয়ে নেন কোচ লুইস এনরিকে। কেবল নেইমারই নন, মালাগার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন ক্রোয়েশিয়ান তারকা ইভার র্যাকিটিচও। তিনিও লেভান্তের বিপক্ষে গোল পেয়েছেন।
গত কয়েক ম্যাচে মেসির সঙ্গে নেইমারের জুটিটা দারুণ জমেছে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুই তারকার সমন্বয়ে আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা কমে গেছে এনরিকের। তবে মালাগার মতো প্রতিপক্ষের বিপক্ষে আজকের ম্যাচে নেইমারকে না পাওয়াটা কাতালানদের জন্য অবশ্যই অস্বস্তির। সোমবার দলের সঙ্গে অনুশীলন করেননি ২২ বছর বয়সী এ তারকা। এর পরই অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে, আজ খেলতে পারবেন না নেইমার। এ নিয়ে অবশ্য চিন্তিত নন এনরিকে। তার মতে, নেইমারের বদলি খেলোয়াড়ও ঠিক করেছেন তিনি। 'নেইমার গোড়ালির চোটে পড়েছেন। স্ক্যান করার পরই জানা যাবে চোট কতটা গুরুতর। আমার মনে হয়, ইনজুরি অতটা গুরুতর নয়। পরের ম্যাচে নেইমার খেলতে না পারলেও তার বদলি ঠিক করে রেখেছি আমি'_ লেভান্তের বিপক্ষে ম্যাচের পর বলেন বার্সা কোচ।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





