অলরাউন্ডার সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে প্রাথমিক বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ইনিংসের ১৫ ওভার শেষে দলীয় সংগ্রহ ছিল ২ উইকেটে ১১৬ রান। এসময় সাকিব ৪৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৮ এবং মুশফিক ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৩ রানে ব্যাট করছিলেন। এই দুজন দলকে শতরানের জুটি উপহার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন।
আসরের শেষ ম্যাচেও দলকে হতাশ করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ইনিংসের চতুর্থ ওভারে তিনি মাত্র ৫ রান করে নাথান কোল্টার-নাইলের দ্বিতীয় শিকারে পরিনত হন ডুগ বলিঞ্জারের তালুবন্দী হয়ে। এসময় দলীয় সংগ্রহ ছিল ২ উইকেটে ১২ রান।
তারও আগে দলে ফেরা পেসার নাথান কোল্টার-নাইল ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন দলকে। ইনিংসের ১.৪ ওভারে তিনি বাংলাদেশের ইনফর্ম ওপেনার আনামুল হককে খালি হাতে শেন ওয়াটসনের তালুবন্দী হতে বাধ্য করেন। এসময় দলীয় সংগ্রহ ছিল ১ উইকেটে মাত্র ৪ রান।
এর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান দিনের প্রথম খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম।
মান বাঁচানোর এই লড়াইয়ে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন সাধিত হয়েছে। আগের ম্যাচে খেলা দল থেকে বাদ পড়েছেন শামসুর রহমান শুভ, মাশরাফি বিন মুর্তজা এবং জিয়াউর রহমান। এদের বদলে সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান মুমিনুল হক, অফ স্পিনার সোহাগ গাজী ও প্রথম বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ১৮ বছর বয়সী পেসার তাসকিন আহমেদ।
অন্যদিকে অস্ট্রেলিয়া দলেও দুই পরিবর্তন সাধিত হয়েছে। অভিজ্ঞ ব্রাড হজের বদলে সুযোগ পেয়েছেন ড্যান ক্রিশ্চিয়ান এবং স্পিনার মুয়িরহেডের বদলে নাথান কোল্টার- নাইল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, আনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(উইকেটরক্ষক-অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন হোয়াইট, গ্লেন ম্যাক্সওয়েল, জর্জ বেইলি(অধিনায়ক), শেন ওয়াটসন, ড্যান ক্রিশ্চিয়ান, ব্রাড হ্যাডিন(উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল, ডুগ বলিঞ্জার।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]