বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান আগামী ৭ দিন বল করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ফিজিও।

ভারতে সদ্য সমাপ্ত আইপিএলে আলো ছড়িয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। ৫৫ দিন ভারতে ছিলেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি ম্যাচ বাদে সবগুলো ম্যাচ খেলেছেন এ কাটার মাস্টার। আর টানা ম্যাচ খেলার কারণে ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ।

আজ (বৃহস্পতিবার) থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন ও চিকিৎসা।

বিসিবির ফিজিও জানিয়েছন, আগামী ৭ দিন বল করতে পারবেন না মুস্তাফিজ। ফিট হতে আরও দুই সপ্তাহ সময় লাগবে।

গতকাল বুধবার সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছেন মুস্তাফিজ। দলের অনেক খেলোয়াড়দের সঙ্গে ইফতারিতেও যোগ দেন তিনি।

আইপিএলে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজ এটা সবারই জানা। কারণ, চোটের কারণেই তো কোয়ালিফাইং ম্যাচ খেলতে পারেননি তিনি।

পাশাপাশি অ্যাঙ্কেলের নিচের দিকে ইনজুরিও রয়েছে। তাছাড়া দুই কেজি ওজনও কমেছে মুস্তাফিজের।

তার পুরোপুরি সুস্থ হতে সর্বোচ্চ তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও-চিকিৎসকেরা।

এমআর