আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা জানিয়েছেন, নিজেকে ৮০ বছরের বয়স্ক মনে হয় তার। এর জন্য মাদক গ্রহণ করাকে দায়ী করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, মাদক না নিলে তিনি এক 'বিস্ময়কর' খেলোয়াড় হতেন।

সাবেক বার্সেলোনা ও নাপোলি সুপার স্টার ম্যারাডোনা আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দেন। চার বছর পর আবার লাতিন দলটিকে ফাইনালে নিয়ে যান। সেবার রানার্স-আপ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তার দলকে। কিন্তু ১৯৯১ সালে মাদক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ফুটবল থেকে ১৫ মাস নিষিদ্ধ থাকেন তিনি।

মাদক গ্রহণের প্রভাব বুট জোড়া তুলে রাখার পরও অনুভব করছেন ম্যারাডোনা। স্বাস্থ্যগত সমস্যাটি এখন আরো প্রকপ হচ্ছে। যার ফলে মাত্র ৫৩ বছর বয়সে নিজেকে ৮০ বছরের বৃদ্ধের মতো মনে করেন তিনি।

'ঈশ্বরের হাত' ও 'শতাব্দীর সেরা গোল' এর মালিক ম্যারাডোনা 'টিওয়াইসি স্পোর্টস'কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, "যদি মাদক গ্রহণ না করতাম আমি এক বিস্ময়কর খেলোয়াড় হতাম।"

"ইউরোপে আসার আগে জানতাম যে আমি যেকোনো রক্ষণভাগ আমার কৌশলের কাছে হার মানবে। যখন আমার পায়ে বল আসত, অন্যরা সহায়তা করতে না পারলেও বেশ উত্তেজিত হত।"

তবে নিজের বর্তমান অবস্থা নিয়ে সাবেক আর্জেন্টিনা কোচ বলেন, "যাহোক, আমার মেয়েরা আমাকে বৃদ্ধ হিসেবেই জানে। আমার বয়স ৫৩ বছর হলেও ৭৮ বছর বয়সীর মতো মনে হয়। কারণ আমি সাধারণ জীবন কাটাতে পারছি না। এমনও মনে হয় যে আমার বয়স ৮০ বছর।"

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই