এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ২৫ জানুয়ারি (সোমবার) চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে।
তৃতীয় ওয়ানডে খেলতে এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুর গড়াতেই বন্দর নগরীতে চলে গেছে টাইগাররা। বেলা পৌনে ১টায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নেমেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমানরা।
শনিবার বেলা ১২টার ফ্লাইটে একসঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর পৌনে ১টায় বন্দর নগরীতে গিয়ে পৌঁছেছে জেসন মোহাম্মদের ওয়েস্ট ইন্ডিজও।
তৃতীয় ওয়ানডের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, “তাসকিন-সাইফউদ্দিনের মত ক্রিকেটাররা এখনো একাদশে সুযোগ পাননি। দলে জায়গা পেতে কঠিন প্রতিযোগিতা চলছে।”
তামিম আরও বলেন, “চট্টগ্রামে ম্যাচের আগে এটি কোন উদ্বেগজনক বিষয় নয়। সকলেরই খেলার সুযোগ পাওয়া উচিত। যারা এখনো খেলার সুযোগ পাননি, তারা সকলেই ভালো করার সামর্থ্য রাখে। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে এবং আশা করি, যারা আসবে ভালো করবে।”
এমবি





