হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না ভারতীয় ওপেনার মুরালি বিজয়। টিম ডাইরেক্টর রবি শাস্ত্রী সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতী শেষ হওয়া সীমিত ওভারের সিরিজে ৩১ বছর বয়সী মুরালি ইনজুরিতে আক্রান্ত হন। বুধবার থেকে শুরু হওয়া গল টেস্টের আগে অনুশীলন ম্যাচেও ব্যাট হাতে কোন ইনিংসে নামেননি মুরালি। এ সম্পর্কে শাস্ত্রী বলেছেন, প্রথম টেস্টের জন্য মুরালি বিজয় সুস্থ অনুভব করছেন না। তিনি যেহেতু পুরোপুরি সুস্থ নন তাই আমরা কোন ঝুঁকি নিতে চাচ্ছি না। বিশেষ করে আউট ফিল্ড বেশ ভেজা থাকাতে আমরা আপাতত প্রথম টেস্টে তাকে বিবেচনা করছি না।

তার অনুপস্থিতিতে শিখর ধাওয়ান ইনিংস সূচনা করবেন। তার সাথে আরো থাকবেন দুই টেস্ট খেলা ২৩ বছর বয়সী তরুন লোকেশ রাহুল।

৩২ টেস্টে ৪১.৭৫ গড়ে ভাল ফর্মে থাকা বিজয়ের বাদ পড়াটা দলের জন্য দারুণ দুঃশ্চিন্তা বয়ে এনেছে বলেই মনে করেন শাস্ত্রী। সাম্প্রতীক সময়ে ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে তাকে বিবেচনা করা হয়। শাস্ত্রী বলেন, সে আমাদের ইন-ফর্ম ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে তার রানও অসাধারণ। ইতোমধ্যেই সে প্রমান করেছে দীর্ঘ ইনিংস খেলার যোগ্যতা তার রয়েছে। তার অনুপস্থিতি আমরা সত্যিই অনুভব করব।

জেডআই