ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবারও আবাহনী লিমিটেডের কাছে ধরাশায়ী হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার সুপার লিগের প্রথম ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিন উইকেটে জয় পেয়েছে আবাহনী।

এদিন প্রতিশোধের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। তবে নাসির হোসাইনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৯.৪ ওভারে তিন উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

ব্যাট করতে নেমে শুভাশীষ রায়ের মারাত্মক বোলিংয়ে মাত্র ৩৮ রানে সাত উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে মোহামেডান।

তবে নাঈম ইসলামের সঙ্গে ১২১ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ৬৭ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে আড়াইশ রানের কাছাকাছি নিয়ে যান আরিফুল হক।

শেষ ওভারে নাসিরের শিকারে পরিণত হওয়ার আগে ১০৯ রান করেন আরিফুল। তার ১৩৭ বলের ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কায় গড়া।

আবাহনীর শুভাশীষ ৪ উইকেট নেন ৫৬ রানে।

প্রথম ওভারেই লিটন দাসকে হরালেও ফরহাদ হোসেন (৫৯), রকিবুল হাসান (২৯) ও আব্দুল মজিদ (২৭) দলকে এগিয়ে নিতে থাকেন।

তবে শেষ দিকে চামারা সিলভা (২৫) ও মোসাদ্দেক হোসেনের (২) দ্রুত বিদায়ে হঠাৎ করেই চাপে পড়ে যায় আবাহনী। সেখান থেকে দলকে দারুণ জয় এনে দেয়ার কৃতিত্ব নাসিরের।

রহমত শাহর বলে পরপর তিনটি ছক্কা হাকিয়ে দলকে জয়ের পথে নিয়ে আসা নাসির শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮২ রানে। তার ৬৯ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৫টি করে ছক্কা ও চারে।

চমৎকার এই ব্যাটিংয়ের সঙ্গে ১০ ওভার বল করে ৩৪ রানে ১ উইকেট নেয়ায় ম্যাচ সেরার পুরস্কার জেতেন জাতীয় দল থেকে বাদ পড়া নাসির।

মোহামেডানের মাশরাফি ৩ উইকেট নেন ৪২ রানে।

জেডআই