ভাগ্যদেবী যেন হাসছেন মেসির দিকে তাকিয়ে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। চোখ ধাঁধানো এক গোল করে মেসি নিজেও দিয়েছেন নিজের সেরা ফর্মে ফেরার ইঙ্গিত। সুখবর এসেছে মাঠের বাইরে থেকেও। গত বছরের শেষের দিকে তাঁর বিরুদ্ধে কর ফাঁকির যে অভিযোগ উঠেছিল, সেটা থেকেও মুক্তি পেয়ে গেছেন আর্জেন্টাইন তারকা।
গত বছরের শেষদিকে ইনজুরি আর বাজে ফর্মের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল মেসিকে। একই সময়ে জড়িয়েছিলেন এই আইনি গ্যাঁড়াকলে। পাঁচ মিলিয়ন ইউরো জরিমানা দিয়েও মুক্তি মেলেনি। গত আগস্টে আদালতের কাঠগড়াতেও দাঁড়াতে হয়েছিল মেসি ও তাঁর বাবাকে। মেসির ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছিল কর ফাঁকির অভিযোগ ওঠায়।
তবে স্পেনের কর বিভাগের আইনজীবীরাই দায়মুক্তি দিল মেসিকে। কর ফাঁকির ব্যাপারটি মেসির অজান্তে হয়েছে নিশ্চিত হয়ে এ মামলা থেকে তাঁকে অব্যহতি দিতে আদালতের কাছে অনুরোধ করেছে সরকারি আইনজীবীরা। তবে মুক্তি মিলছে না মেসির বাবার। মেসির বাবা জেনেশুনে কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ কর বিভাগের।
২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে মেসি চার মিলিয়নেরও বেশি ইউরো আয়কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ তুলেছিল স্পেনের আয়কর বিভাগ। মেসির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর বাবাই। হোর্হে মেসি অবশ্য শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





