সেরা চারে ওঠার লড়াইয়ে ব্রাজিল-কলম্বিয়া ফুটবল ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে লক্ষ্মীপুর শহরের হ্যাপি ও কমলনগরের মেঘনা সিনেমা হলে।

শুক্রবার রাত ২টায় বড় পর্দায় খেলা দেখতে এ দু’টি সিনেমা হলে ভীড় করেছেন ব্রাজিল সমর্থকসহ ফুলবল প্রেমীরা।

হ্যাপি সিনেমা হলের মালিক মো. মাসুম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল প্রেমী দর্শকদের অনুরোধে গভীররাতে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে। টেলিভিশন থেকে সংযোগ স্থাপনের মাধ্যমে সিনেমার বড় পর্দায় এ ম্যাচটি দেখানো হচ্ছে।

শনিবার আর্জেন্টিনার সমর্থকদের জন্যও একইভাবে খেলা দেখার ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।

এদিকে, কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা ব্রাজিল সমর্থক শামিম, রাসেল, আনন্দসহ কয়েকজন জানান, মেঘনা সিনেমা হলের পর্দায় ফুটবল খেলা দেখার আয়োজন করার বিষয়টি আগেই উপজেলার সর্বত্র মাইকিং করে জানানো হয়েছে।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ