দল নির্বাচন নিয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নেতিবাচক মন্তব্যের বিষয়ে নিজের অসন্তুষ্টির কথা জানালেন জাতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপক খালিদ মাহমুদ সুজন।
সোমবার হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে তিনি নিজের অসন্তুষ্টির কথা জানান।
খালেদ মাহমুদ সুজন বলেন, 'ক্রিকেট দলের নির্বাচন নিয়ে অনেক সময় অনেক মন্তব্য শোনা যায়। কেন শুভাগত হোম বা রাব্বিকে নেয়া হল এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।'
তিনি বলেন, 'এসব সমালোচনায় হয়তো খেলোয়াড়রাও পড়েন। কিন্তু দেশের সব মানুষ নির্বাচক হলে তো হবে না। দল সিলেকশনের ব্যাপারটি সিলেক্টররাই ভালো বোঝেন।'
জয়ের পর বাংলাদেশের ড্রেসিংরুমে উদযাপন কেমন ছিল জানতে চাইলে সুজন বলেন, 'বাংলাদেশ টেস্ট দলের বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা হতো। এর মধ্যে নেগেটিভ আলোচনাই বেশি ছিল।
তাই দীর্ঘদিন যাবৎ কঠোর অনুশীলনের মাধ্যমে বদলে যাওয়া টাইগার দলের উদযাপনটা ছিল অন্যরকম। কারণ টাইগার সদস্যরা বিশ্বাস করেন কালকের জয় তাদের কঠোর অনুশীলনের পুরস্কার।'
তিনি বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস ছেলেদের নিউজিল্যান্ড সিরিজেও অনুপ্রেরণা জোগাবে।'
এরআগে রোববার ইতিহাস গড়ে টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের ঘূর্ণিতে ৩ দিনেই ফলাফল নিজেদের করে নেয় মুশফিক বাহিনী।
মিরাজ ও সাকিবের যুগলবন্দিতে ১০ উইকেট তুলে নিয়ে ইংলিশদের ১০৮ রানের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিকরা। এই জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় আসে।
এমবি





