বাংলাদেশের বিপক্ষে খুলনা টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রক ওয়ানডে সিরেজে ও টি-টোয়েন্টিতে জয়ের দেখা না পাওয়া পাকিস্তান।
বৃহস্পতিবার তৃতীয় দিনে ১ উইকেটে ২২৭ রান নিয়ে খেলা শুরু করা পাকিস্তান দিন শেষে ৫ উইকেটে ৫৩৭ রান সংগ্রহ করেছে। এতে ২০৫ রানের লিড নিয়েছে সফরকারীরা।
তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাট করেছেন সরফরাজ আহমেদ। ৫৪ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৫১ রান করে অপরাজিত আছেন। ১০৩ বল খেলা আসাদ শফিকও ৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন।
এদিন আজহার আলীর সঙ্গে হাফিজের আগের দিনের ১৭৭ রানের জুটিকে ২২৭ পর্যন্ত এগিয়ে নেওয়ার পর আঘাত হানেন শুভাগত হোম চৌধুরী। তার বলে বোল্ড হওয়ার আগে ৮৩ রান করেন আজহার।
তৃতীয় উইকেটে হাফিজের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ফিরে যান ইউনুস খান (৩৩)। তাইজুল ইসলামের বলে বোল্ড হন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে বিদায় নেন মোহাম্মদ হাফিজ (২২৪)। লেগ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হন তিনি।
আসাদ শফিককে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়ে তোলেন দলের হাল ধরে রাখা মিজবাহ। পূর্ণ করেছেন ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক। ব্যক্তিগত ৫৯ রানে তাইজুলের বলে রুবেল হোসাইনের হাতে ক্যাচ আউট হন তিনি।
শেষ পর্যন্ত আসাদ শফিক ও সরফরাজ আহমেদ ৬৯ রানের জুটি গড়ে অপরাজিত আছেন।
বাংলাদেশের বোলার তাইজুল তিনটি ও শুভাগত হোম দুটি উইকেট পান।
প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয় বাংলাদেশ।
জেডআই





