বাংলাদেশের ক্রিকেটের খেলাগুলো সম্প্রচারে টিভি স্বত্ব পেয়েছে বেসরকারি চ্যানেল গাজী টিভি। শুক্রবার ঢাকার একটি হোটেলে দুপুর ১২টায় উন্মুক্ত নিলামে ২০ মিলিয়ন ২৫ হাজার ডলারের বিনিময়ে আগামী ছয় বছরের জন্য টিভি সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে চ্যানেলটি।
বাংলাদেশের খেলা দেখানোর সম্প্রচার স্বত্ব পেতে প্রস্তাবনা জমা দেয়ার শেষ দিন ছিল গত বুধবার। বৃহস্পতিবার বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় মিডিয়া স্বত্বের প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই করা হয়। শুক্রবার উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। দুপুরে নিলাম শেষে বিসিবির সিনিয়র পরিচালক মাহবুব আনাম নিশ্চিত গাজী টিভির সম্প্রচার স্বত্ব লাভের বিষয়টি নিশ্চিত করেন।
মাহবুব আনাম বলেন, ‘নিলামে ৪ জন বিডারের মধ্য থেকে চ্যানেল নাইন টেকনিক্যাল কারণে আগেই বাছাই থেকে বাদ পড়েছে। এছাড়া বাকি ১টি কোম্পানি তাদের মিডিয়াকম ওপেন নিলামে অংশ নেয়নি। বাকি দুটির মধ্যে মাছরাঙা টিভি ফ্লোর প্রাইজ ২০ মিলিয়ন ডলারেই টিভি স্বত্ব কিনতে চান। কিন্তু গাজী টিভি ২০ মিলিয়ন ২৫ হাজার দিয়ে আগামী ছয় বছরের জন্য বাংলাদেশের ক্রিকেটের খেলাগুলো সম্প্রচার টিভি স্বত্ব কিনে নেয়।’
ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি) //জেডআই