জাতীয় দলের হয়ে সম্প্রতি বাজে পারফরম্যান্স করায় তোপের মুখে ছিলেন বাংলাদেশের বোলার আব্দুর রাজ্জাক। কিন্তু জাতীয় লিগে চমক দেখালেন তিনি। এক ইনিংসে ৯ উইকেট শিকার করেছেন এই স্পিনার। ঢাকা মহানগরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯১ রানের বিনিময়ে ৯টি উইকেট পান তিনি।
প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ঢাকা মহানগরকে চাপের মুখে ফেলেন রাজ্জাক। এর ফলে ঢাকার ইনিংস শেষ হয়েছিল ১৭২ রানে। দ্বিতীয় ইনিংসে বল হাতে আরও বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হয়ে তুলে নেন ৯ উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন ইমরুল কায়েস।
এর আগেও প্রথম শ্রেণীর ক্রিকেটে একবার তিনি ৯ উইকেট তুলে নেন ৮৪ রানের বিনিময়ে।
রাজ্জাকের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা মহানগরের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ২৪৩ রানে। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন ওপেনার শামসুর রহমান।
জয়ের জন্য ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে খুলনা। ২২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস, রবিউল ইসলাম (রবি) ও এনামুল হক।