ক্লাব প্রীতি ম্যাচের টুর্নামেন্ট স্যান্টিয়াগো বার্নব্যুর শিরোপা জিতল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের মাঠে গ্যালাতাসারায়কে ২-১ গোলে হারিয়ে এই শিরোপা জিতল দলটি।
রিয়ালের সাবেক সভাপতি স্যান্টিয়াগো বার্নাব্যুর নামানুসারে প্রতি মৌসুম শুরুর আগে এই ম্যাচের আয়োজন করা হয়। এই নিয়ে ৩৭তম ম্যাচের আয়োজন করা হল। এর মধ্যে ২৫ বার শিরোপা জিতল স্বাগতিকরা।
এদিন খেলার ১৭ মিনিটে নাচো ফার্নান্দাসের গোলে এগিয়ে যায় রিয়াল। ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের উঁচু করে বাড়ানো বলে অনেকটা লাফিয়ে উঠে হেড করে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
বিরতির আগে ১-০ গোলে রিয়াল এগিয়ে থাকলেও খেলার ৫২ মিনিটে সমতায় ফেরে গ্যালাতাসারায়ে। চলতি আর্সেনাল থেকে দলে যোগ দেওয়া লুকাস পোডোলস্কির বাড়ানো বল ধরে গোলটি করেন ডাচ মিডফিল্ডার ভেসলি স্নেইডার গোল করে সফরকারীদেরকে লিড এনে দেন।
তবে ৮১তম মিনিটে রিয়াল ডিফেন্ডার মার্সেলোর দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে আবারও এগিয়ে যায় রিয়াল। বল পায়ে অনেকটা দৌড়ে তিন জনকে পেছনে ফেলে গোলটি করেন তিনি।
ম্যাচটিতে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ রাফায়েল বেনিতেজের শিষ্যরা।
জেডআই





