ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্তভাবে এগিয়ে চলছে চেলসি। শনিবার ফুলহাম সিটির মাঠেও ৩-১ গোলে জিতেছে তারা। নীল জার্সিধারীদের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জার্মান স্ট্রাইকার আন্দ্রে স্কারল। তার হ্যাটট্রিকে লিগ টেবিলে শীর্ষস্থানটি আরো মজবুত করেছেন কোচ হোসে মরিনহোর শিষ্যরা।
নিজেদের মাঠে প্রথমার্ধে গোল করার বেশ কয়েকটি সুযোগ পায় ফুলহাম। কিন্তু একটি সুযোগও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। বিরতির আগে টেবিলে শীর্ষে থাকা চেলসিও গোলবঞ্চিত থাকে।
তবে খেলার ৫২ মিনিটে গোলের সূচনা করেন আন্দ্রে। এর ১৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। গত অক্টোবরে সুইডেনের বিপক্ষে জার্মানের হয়ে হ্যাটট্রিক করার পর দ্বিতীয়বারের মতো এক ম্যাচে তিন গোলের দেখা পান তিনি। সেই সঙ্গে লিগে ৬ গোল পূর্ণ করেছেন এই স্ট্রাইকার।
ইডেন হ্যাজার্ডের পাস থেকে বল নিয়ে গোল করার পর ৬৫ ও ৬৯ মিনিটে পর পর আরো দুটি গোল করেন আন্দ্রে। তবে খেলা শেষ হওয়ার আগে একটি গোল শোধ করতে পারে ফুলহাম। ৭৪ মিনিটে দলের হয়ে এই গোলটি করেন জন হেইটিংগা। ততক্ষণে জয় নিশ্চিত হয়ে যায় অতিথিদের।
এই জয়ের ফলে লিগে টানা অপরাজিত থাকার রেকর্ডটি ১৩ ম্যাচ পর্যন্ত দীর্ঘায়িত করেছে চেলসি। আর ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। বিপরীতে গত আট ম্যাচেই  জয় বঞ্চিত হওয়ায় ২২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে রয়েছে ফুলহাম।