পাকিস্তান-শ্রীলংকা প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে বৃষ্টির কারণে করাচিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পয়াররা।

বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচ শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। আগামী ২৯ সেপ্টেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

আজকের ওয়ানডে দিয়ে ১০ বছর পর পাকিস্তানের করাচিতে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। তাই এই ম্যাচটি পাকিস্তান ক্রিকেটের জন্য ঐতিহাসিক ওয়ানডে ছিল।

২০০৯ সালের জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে করাচিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো পাকিস্তান। ওই সফরের ওয়ানডে সিরিজ শেষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলংকা দল বহনকারী বাসে হামলা চালায় জঙ্গীরা। এরপর থেকে পাকিস্তানের খেলতে যায়নি বিশ্ব ক্রিকেটের দেশগুলো।

তবে ২০১৫ সালে জিম্বাবুয়েকে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করে ৬ বছর পর আবারো দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তান সফরে এসেছে শ্রীলংকা।

এমবি