ইংল্যান্ড বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
লর্ডসে বাংলাদেশ সময় আজ (২৩ জুন)রোববার বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপে স্বভাবতই সেমিফাইনালের দৌঁড়ে বেশ পিছিয়ে দুই দল। তাই সেমির লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই ক্রিকেটের দুই পরাশক্তির সামনে।
বিশ্বকাপে এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। ৬ ম্যাচে প্রোটিয়াদের হার ৪টি। আর ৫ ম্যাচে পাক ব্রিগেডের পরাজয় ৩টি। বৃষ্টির কারণে দুই দলের একটি করে ম্যাচ পরিত্যক্ত হয়। সমান ৩ পয়েন্ট সংগ্রহে রয়েছে তাদের।
পয়েন্ট টেবিলের নিচের দিকের এই দুই দল আজ একে অপরের মুখোমুখি।
কাগজে-কলমে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে এখন পর্যন্ত ৭৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ৫০ বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৭ বার জয় পেয়েছে পাকিস্তান।
বিশ্বকাপের আসরেও দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লা ভারী। এখন পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে মাত্র ১টি জয় পায় পাকিস্তান। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ বিশ্বকাপে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালের বিশ্বকাপে জয় পায় পাকিস্তান।
শোয়েব মালিক ও হাসান আলিকে ছাড়া মাঠে নামছে পাকিস্তান। তাঁদের পরিবর্তে দলে এসেছেন হারিস সোহেল ও শাহিন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকা দলে কোনো পরিবর্তন নেই।
ছয় ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার অবস্থান ৮ নম্বরে। এক ধাপ নিচে, অর্থাৎ ৯ নম্বরে আছে পাকিস্তান।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফাখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ আমির।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি, এইডেন মারক্রাম, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি এবং ইমরান তাহির।
এমবি





