আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়ে আনন্দের জোয়ারে ভাসছেন জয়ের নায়ক গোলরক্ষক সার্জিও রোমেরো। বুধবার অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি-ফাইনালে টাইব্রেকারে ডাচ দলের খেলোয়াড়দের দুটি পেনাল্টি শট আটকে দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেন তিনি। তবে নিজের প্রতি ভাগ্যের সহায়তা ছিল বলেও মন্তব্য করেছেন রোমেরো।

প্রায় ২ যুগ পর আর্জেন্টিনাকে ফাইনালে পৌছে দেয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে রোমেরো বলেন, ‘পেনাল্টি সব সময় ভাগ্যের ব্যাপার। এটিই বাস্তবতা। আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম, এবং শেষ পর্যন্ত সফলতা পাওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জনাই।’ডাচদের দুটি শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে ৪-২ গোলে জয় পাইয়ে দেন তিনি।

২৭ বছর বয়সী গোলরক্ষক বলেন, ‘আমরা খুব খুশি। এখন ফাইনালের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কাল থেকেই আমাদের ওই কাজে নেমে পড়তে হবে। তবে এখন আনন্দের মুহূর্তটিকেও আমরা উপভোগ করতে চাই।’

অথচ আর্জেন্টিনার প্রথম একাদশে রোমেরোকে ঠাই দেয়ায় প্রবল বিতর্ক দানা বেঁধেছিল। কারণ ফ্রান্সের লীগ ওয়ানের কাব মোনাকোর হয়ে প্রায় পুরো মৌসুমটিই সাইডলাইনে বসে কাটিয়েছেন তিনি। তবে মাঠের লড়াই দিয়ে তিনি প্রমান করেছেন যে সমালোচকরা ভুল করেছেন। ব্রাজিলের সবকটি ম্যাচেই জয়লাভ করেছে আর্জেন্টিনা।

তিনি বলেন,‘এখন এই আনন্দকে উপভোগ করি। আমি খুবই আনন্দিত। এই জয়কে আমি আমার মা ও স্ত্রীকে উৎসর্গ করতে চাই।

প্রথম দিন থেকেই আমরা এই প্রত্যাশা নিয়ে বসে আছি। যেকোনো কিছুর বিনিময়েই এই সফলতার ফসল ঘরে তুলতে হবে।’

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ