দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৯ রানের পিছিয়ে আছে বাংলাদেশ। এদিন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর এটি পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
বুধবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগের দিনের সাত রান ও ১০ উইকেট নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দিন শেষে ৪ উইকেটের বিনিময় ১৬৭ রান সংগ্রহ করেছে তারা।
প্রথম সেশনে ভন জাইলের বলে ডি ককের হাতে স্টাম্পিংয়ের শিকার হয়ে মাঠ থেকে বিদায় নেন উদ্বোধনী জুটির ইমরুল কায়েস (২৬)।
ওয়ানডাউনে মাঠে নামা মুমিনুল হক (৬) সাইমন হারমারের সোজা একটি বল কাট করতে গিয়ে ব্যাটেই লাগাতে পারেননি। বাজে শট খেলার মাশুল দিয়ে বোল্ড হয়ে বিদায় হন এই বাঁহাতি ব্যাটসম্যান।
তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৮৯ রানের জুটি গড়ে ফিরে যান তামিম (৫৭)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম অর্ধশতক করা এই বাঁহাতি ব্যাটসম্যানকে ফেরান অনিয়মিত স্পিনার ডিন এলগার। বাঁহাতি স্পিনারের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান তামিম।
তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি মাহমুদউল্লাহও (৬৭)। ভার্নন ফিল্যান্ডারের বলে এলবিডব্লিউ হয়ে যান এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
মঙ্গলবার টেস্টের প্রথম দিনে মুস্তাফিজের বোলিং জাদুতে মাত্র ২৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।
জেডআই





