কোপা আমেরিকার সেমিফাইনালের ম্যাচ খেলতে মঙ্গলবার দিবাগত রাতের শেষ ভাগে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে মেসিরা।

কোপা আমেরিকায় এবার খাতা-কলমে সবচেয়ে সেরা দল নিয়ে লড়াই করছে আর্জেন্টিনা। তবে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মূল খেলায় কোনো গোল করতে পারেননি মেসি, হিগুয়েইন, তেভেজরা। অবশেষে পেনান্টি শুটে ৫-৪ গোলে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

এদিকে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছিল প্যারাগুয়ে। পরে টাই ব্রেকারে ৪-৩ গোলে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।

কোপা আমেরিকায় সবচেয়ে সফলতম দল বিবেচনায় দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। উরুগুয়ের চেয়ে একবার কমে ১৪বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। কিন্তু সর্বশেষ ২২ বছর ধরে কোপা আমেরিকায় শিরোপা খরায় ভুগছে তারা। এবার সেই খরা ঘুচানোর পালা। সেই সঙ্গে মেসির সুযোগ জাতীয় দলের জার্সি গায়ে বড় কোনো টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলা। আর সেই জন্য সেমিতে প্যারাগুয়ের বাধা পার হওয়ার পালা তাদের।

জেডআই