বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তাই এশিয়ান গেমসে বাংলাদেশে হয়ে খেলা হচ্ছে না তার। তার পরিবর্তে টাইগারদেরকে নেতৃত্ব দিবেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গত বছর অক্টোবরেই কনেকে আংটি পরিয়েছিলেন মুশফিক। এবার সব আনুষ্ঠানিকতা সেরে বধূকে ঘরে তুলতে যাচ্ছেন তিনি। আগামী ৮ অক্টোবর বিয়ের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে। কনে সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা। নাম জান্নাতুল ফেরদৌস মন্ডি। প্রাইম বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন তিনি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস। কিন্তু ২৭ অক্টোবর বিয়ের তারিখ নির্ধারণ হওয়া এই প্রতিযোগিতায় খেলতে পারছেন না মুশফিক। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

প্রতিবেদককে ফারুক আহমেদ বলেন, ‘এশিয়ান গেমসের জন্য স্কোয়াডের সদস্যদের তালিকা বোর্ডকে দিয়ে দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিবি। আমাদের অধিনায়ক মুশফিকুর রহিম পারিবারিক কারণে দলের সঙ্গে যাচ্ছেন না।’

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০১০ গেমসে আফগানিস্তানকে হারিয়ে মোহাম্মদ আশরাফুলের দল স্বর্ণ জিতেছিল। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিচ্ছে না ভারত ও পাকিস্তান।

টেস্ট দল হিসেবে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সঙ্গে রয়েছে আফগানিস্তান, চীন, হংকং, কুয়েত, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল ও দক্ষিণ কোরিয়া।

ঢাকা, ৬আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই