বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের কাছে হারল দক্ষিণ আফ্রিকা। সেই দুঃখের সঙ্গে যোগ হল জরিমানা। ধীর গতির ওভার রেটের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আর অধিনায়ক ডি ভিলিয়ার্সকে জরিমানা করা হয়েছে ২০ শতাংশ।
আইসিসি ম্যাচ রেফারী জেফ ক্রো অভিযোগ করে বলেছেন, দক্ষিণ আফ্রিকা তাদের নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার পিছনে ছিল। যা অবশ্যই বিবেচনাযোগ্য। শাস্তি হিসেবে অধিনায়ককে ২০ শতাংশ জরিমানা করা হলেও দলের প্রতিটি খেলোয়াড়কে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই টুর্নামেন্টে আবারও যদি দক্ষিণ আফ্রিকা ধীর গতির ওভার রেটের কারনে দোষী সাব্যস্ত হয় তবে ডি ভিলিয়ার্সকে এক ম্যাচ বহিষ্কার করা হবে।
চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বারের মত ডি ভিলিয়ার্স ধীর গতির ওভার রেটের জন্য অভিযুক্ত হলেন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর নভেম্বরে পার্থে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে তাকে জরিমানা করা হয়েছিল। এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটি দলকে সতর্ক করে দিয়েছিল। সে কারণেই দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে এখন বেশ সতর্ক হয়েই মাঠে নামতে হবে।
এক বিবৃতিতে আইসিসি বলেছে, একজন অধিনায়ক যদি এবারের টুর্নামেন্টে দুটি ম্যাচে ধীর গতির ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয় তবে তাকে এক ম্যাচ বহিষ্কার করা হবে। কিন্তু যেহেতু ১২ মাসের মধ্যে সে দ্বিতীয়বারের মত একই অপরাধ করেছে তাই এবারের টুর্নামেন্টে আর কোন অপরাধ না করলে টুর্নামেন্টের পরে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচেই তিনি দলের বাইরে থাকবেন।’
জেডআই





