আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী প্রেসিডেন্ট পদে সাবেক অধিনায়ক জহির আব্বাসকে মনোনীত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসির মনোয়ান কমিটির কাছে আব্বাসের মনোনয়ন পত্রটি পাঠানো হবে। ২০১৫ সালের বার্ষিক সভায় পূর্ণ কাউন্সিলের সম্মতির পর অনুমোদনের জন্য আইসিসি বোর্ডে পাঠানো হবে। আগামী ২১-১৫ জুন বার্ষিক সভা বার্বাডোজে অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

৬৭ বছর বয়সী জহির আব্বাস ১৯৬৯ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৭৮টি টেস্ট, ৬২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ৫০৬২ রানের মালিক এই ব্যাটসম্যান ওয়ানডেতে করেছেন ২৫৭২ রান। পাকিস্তানকে ১৪টি টেস্টে ও ১৩টি ওয়ানডেতে নেতৃত্ব দেয়া জহির ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।

জহির আব্বাস একমাত্র এশিয়ান ব্যাটসম্যান যিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন। ২২ বছরের ক্যারিয়ারে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০৮ সেঞ্চুরির সুবাদে ৩৪ হাজার ৮৪৩ রান সংগ্রহ করেছেন।

১৯৯৩ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ ও লঙ্কানদের মধ্যকার একটি টেস্ট ও তিনটি ওয়ানডেতে আইসিসি'র ম্যাচ রেফারির দায়িত্বও পালন করেছেন জহির আব্বাস।

জেডআই