জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে চার ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বুধবার জিতে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা।
খুলনা আবু নাসের স্টেডিয়ামে বিকাল ৩ টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে বেসরকারি চ্যানেল গাজী টিভি।
এই ম্যাচ ঘিরে সবচেয়ে আলোচনায় আসছে বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষা। মূলত সামনের এশিয়া ও যুব বিশ্বকাপ টি-টোয়েন্টি সামনে রেখে বাংলাদেশ এই পরীক্ষা চালাচ্ছে।
এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তন দেখা যেতে পারে। তবে, পরিবর্তিত একাদশ নিয়েও জয়ের ধারা ধরে রাখতে চায় স্বাগতিক শিবির।
প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে জিতেছিল বাংলাদেশ। সেই একাদশের পাঁচজনই হয়তো তৃতীয় ম্যাচে থাকবেন দর্শক হয়ে।
চারটি পরিবর্তন তো অবধারিতই। চোটে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আপাতত বিরতি পেয়েছেন শুভাগত হোম চৌধুরী। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমানকে।
মুস্তাফিজের জায়গায় বিপিএলের চমক আবু হায়দার রনির অভিষেক নিশ্চিত। মুশফিকের বদলে ইমরুল কায়েস ও শুভাগতের জায়গায় আরাফাত সানির একাদশে আসাও প্রায় নিশ্চিত।
একাদশে আরেক পেসারের লড়াইয়ে মনে করা হচ্ছিল এগিয়ে মোহাম্মদ শহীদ। তবে, বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে পেসার তাসকিন আহমেদের অনেক সময় প্রাকটিস করিয়েছেন কোচ।
নির্বাচক হাবিবুল বাশার এবং অধিনায়ক মাশরাফিও কথা বলেছেন তার সঙ্গে। এতে করে শেষ মুহূর্তে তাসকিনই একাদশে জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে শহীদকে হয়তো টি-টোয়েন্টি অভিষেকের জন্য আরো একটি মাচ অপেক্ষা করতে হবে।
এই পরিবর্তনগুলো অনুমিতই। তবে চমক হতে পারে আরেকটি বদল। গত বছর সব ফরম্যাটে বাংলাদেশের সব ম্যাচ খেলেছেন যিনি, অনেক পরীক্ষার ম্যাচেও সাধারণত যাকে বিশ্রাম দেওয়া হয় না; বুধবার বিশ্রাম দেওয়া হতে পারে সেই তামিম ইকবালকেও!
সত্যিই সেটা হলে আন্তর্জাতিক অভিষেক হবে তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের। সৌম্যর সঙ্গে তখন ইনিংস শুরু করবেন ইমরুল।
বলা যায়, প্রায় নতুন চেহারার দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। দলে জায়গা পাওয়াদের ওপর চাপ থাকবে নিজেকে প্রমাণের। প্রতিপক্ষ শক্তিশালী না হলেও তৃতীয় ম্যাচটি তাই বদলে যাওয়া বাংলাদেশ একাদশের জন্য হবে দারুণ চ্যালেঞ্জের; মাশরাফির নেতৃত্বের আরেকটি পরীক্ষাও।
বুধবারের ম্যাচ নিয়ে সৌম্য সরকার বলেন, ‘ছন্দ নষ্ট হতে পারে, এমন কিছু আমরা ভাবছিও না। নতুনরা বরং নিজেদের প্রমাণ করতে চাইবে। প্রতি ম্যাচের মতোই জয়ের জন্য মাঠে নামব আমরা। আমাদের স্বাভাবিক খেলাটা খেলেই জিততে চাই।’
জিম্বাবুয়ে তো চমকের চূড়ান্ত দেখিয়েছে আগের ম্যাচে নিয়মিত অধিনায়ককেই বাইরে রেখে। ১৬ জনের স্কোয়াড থেকে পরীক্ষা-নিরীক্ষার ধারা ধরে রাখতে পারে তারা এই ম্যাচেও।
বাংলাদেশ একাদশ : মাশরাফি মুর্তজা, আবু হায়দার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ শহীদ, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল ও মোসাদ্দেক হোসেন।
এমকে/এআই





