"অনিয়ন্ত্রিত ঝুঁকি"-র কথা উল্লেখ করে কোনো আন্তর্জাতিক দলকে পাকিস্তান সফরে যেতে সতর্ক করেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)।
আগামী ১৯ মে থেকে ৩১ মের মধ্যে লাহোরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফর করবে জিম্বাবুয়ে।
এজন্য পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে জিম্বাবুয়ে ক্রিকেট ব্যাবস্থাপনা পরিচালক ও নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালিস্টার ক্যামবেল সেখানে পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু এর একদিন আগে এক বিবৃতিতে এ সতর্কতার কথা জানায় ফিকা।
ফিকার নির্বাহী চেয়ারম্যান টনি আইরিশ বিবৃতিতে বলেন, "আসন্ন পাকিস্তান সফরে যেসব খেলোয়াড়রা ও ম্যাচ কর্মকর্তারা দেশটিতে যাবে তাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। ফিকার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পাকিস্তানের আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে অগ্রহণযোগ্য ঝুঁকি রয়েছে। বর্তমানে কোনো দলকে সেখানে সফর না করতে উপদেশ দেয়া হয়েছে।"
বিবৃতিতে আরো বলা হয়, "আমরা নিশ্চিত যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী যা করার তা করবে। তবুও আমাদের বিশেষজ্ঞদের মত হলো সেখানে অনিয়ন্ত্রিত ঝুঁকি রয়েছে।"
২০০৯ সালের ৩ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচের তৃতীয় দিনে বন্দুকধারীরা শ্রীলঙ্কার খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের গাড়িতে অতর্কিত গুলি চালায়। এতে কয়েক জন খেলোয়াড় আহত হয় এবং নিরাপত্তাকর্মী ও সাধারণ লোকজন নিহত হয়। এর ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে সফর বাতিল করা হয়।
সেই থেকে কোনো আন্তর্জাতিক দল পাকিস্তানে কোনো ম্যাচ খেলছে না। সংযুক্ত আরব আমিরাতের ভেন্যু নিজেদের হোম ম্যাচের ভেন্যু হিসেবে ব্যবহার করছে পাকিস্তান।
অবশেষে আগামী আগস্টে পাকিস্তান দল জিম্বাবুয়ে সফর করবে- এমন শর্তে পাকিস্তানে সিরিজ খেলতে সম্মতি হয়েছে জিম্বাবুয়ে।
জেডআই





