করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করায় বিভিন্ন দেশে লকডাউন চলছে, বন্ধ হয়ে গেছে সব ধরনের খেলাধুলা। যে কারণে আর্থিক সংকটে পড়েছে ক্রীড়া ফেডারেশনগুলো।
বড় ধরনের আর্থিক সংকটের কারণেই প্রায় ৮০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী ৩০ জুন পর্যন্ত ছুটিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার ৮০ শতাংশ কর্মী। ছুটিতে থাকা অবস্থায় নিজেদের বেতনের মাত্র ২০ শতাংশ পাবেন তারা। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এ নিয়ে এখনও মুখ খোলেনি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরই আর্থিকভাবে স্বাভলম্বি ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু লকডাউনের কারণে অস্ট্রেলিয়ার একাধিক সিরিজ বাতিল হয়েছে। যে কারণে তাদের আয়ের পথ বন্ধ। ব্যয় সংকোচন করতেই এ সিদ্ধান্ত।
তাছাড়া চলতি বছরের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের আগে সঞ্চিত অর্থ খরচ করতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই ৮০ শতাংশ কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত।
আর্থিক অবস্থার কথা বর্ণনা করে সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, লকডাউনের কারণে অন্য সব খেলার থেকে বেশি বিপর্যস্ত হবে ক্রিকেট। আমরা সাবধানে এবং সক্রিয়ভাবে এই সংকট মোকাবেলার চেষ্টা করছি।
এমআর





