কমনওয়েলথ ইয়ুথ গেমসের পঞ্চম আসরে সোনা জিতেছেন বাংলাদেশী যুবক তামিমুল ইসলাম।

আর্চারিতে বালক ব্যক্তিগত রিকার্ভ বো ইভেন্টে ভারতের নিশানাথ কুমাওয়াটকে হারিয়ে তিনি এ পদক জেতেন।

একই সঙ্গে আর্চারির বালিকা ব্যক্তিগত রিকার্ভ বো ইভেন্টে মালয়েশিয়ার মাজলান নুরামনিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের নন্দিনী খান স্বপ্না।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি শোয়েব চৌধুরী বৃহস্পতিবার এ তথ্য জানান।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় গত ৫ সেপ্টেম্বর শুরু হওয়া কমনওয়েলথ ইয়ুথ গেমসের এবারের আসর শেষ হবে ১১ সেপ্টেম্বর।

এবারের আসরে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এক হাজার ক্রীড়াবিদ আর্চারি ছাড়াও সাঁতার, অ্যাথলেটিকস, টেনিস, ভারোত্তলনসহ মোট নয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেডআই