জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ওয়াকার ইউনিসকে আরেকবার নিয়োগ দানকে সমর্থন করে পাকিস্তান ব্যাটিং লিজেন্ড ইনজামাম-উল-হক বলেছেন, অতীতে তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন।
গত ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তির মেয়াদ শেষে অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোর বিদায় নেয়ার পর থেকেই স্থায়ী একজন কোচের সন্ধানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাবেক টেস্ট উইকেটকিপার ও অধিনায়ক মঈন খানকে অস্থায়ী ভিত্তিতে কোচ নিয়োগ দেয়া হয়েছিল। কিন্ত বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্ব কাপে দলের বাজে পারফরম্যান্সের পর পিসিবি তার দুই মাসের মেয়াদ আর বৃদ্ধি করেনি।
ইতোপূর্বে ২০১০ এবং ২০১১ সালে কোচ হিসেবে দায়িত্ব পালন করা ওয়াকার আবারো দলের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন এবং ইনজামামের দৃষ্টিতে তিনিই (ওয়াকার) সঠিক ব্যক্তি। সাংবাদিকদের ইনজামাম বলেন, ‘শেষবার ওয়াকারের অধীনে পাকিস্তান দল উপকৃত হয়েছিল, সুতরাং আমি মনে করি তিনিই সঠিক ব্যক্তি। কেননা তিনি খেলোয়াড়দের সম্পর্কে ভাল জানেন এবং তলের সংস্কৃতির সঙ্গেও তিনি পরিচিত।’
বর্ণাঢ্য ক্যারিয়ারে ১২০ টেষ্ট ও ৩৭৮ ওয়ানডে খেলা ইনজি পাকিস্তানের মনোভাবেও পরিবর্তন চান।
তিনি বলেন, ‘একটা পরাজয়ের পরই দলের অধিনায়ক ও কোচ পরিবর্তনের সংস্কৃতি আমাদের পরিবর্তন করা উচিৎ বলে আমি মনে করি। কেননা আমাদের দরকার ভুল শোধরানো এবং পরিবর্তনই সমাধান নয়।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বিশ্ব কাপে অধিনায়ক হিসেবে মিসবাহ উল হককে সমর্থন করেন বিগ ম্যান ইনজি। তিনি বলেন, ‘মিসবাহরই দলের নেতৃত্ব দেয়া উচিৎ। কেননা বিশ্ব কাপের এ বছরও বাকি নেই এবং একজন নতুন অধিনায়ক তৈরী করা সম্ভব নয়।
এ মাসের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্ব কাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেন মোহাম্মদ হাফিজ।
অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে দায়িত্ব দেয়ার চিন্তা ভাবনা চলছিল । কিন্ত গণমাধ্যমে প্রকাশিত খবরানুসারে বিকল্প হিসাবে তরুণ ওপেনার আহমেদ শেহজাদের নাম বিবেচনা করা হচ্ছে।
ইনজামাম বলেন, আগামী আগষ্ট মাস পর্যন্ত কোন টি-২০ ম্যাচ নেই এবং ২০১৬ সালের আগে কোন টুর্নামেন্টও নেই। সুতরাং তরুণ কাউকে খুজে বের করার এটাই সঠিক সময়। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]