টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। গত বছরের মতো এই বছরেও হওয়ার কথা ছিল তিন ম্যাচের টেস্ট সিরিজ।
গত সেপ্টেম্বরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি টেস্ট কমানো হচ্ছে।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, টি-টোয়েন্টির প্রস্তুতির জন্য টেস্ট সিরিজ পিছিয়ে দেয়া হচ্ছে।
“আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে, এশিয়া কাপ ও বিশ্বকাপ। তার প্রস্তুতি আমাদের জন্য বেশি জরুরি। টি-টোয়েন্টি দলের অনেকেই টেস্ট দলে নেই। সেই সময়ে টেস্ট খেলা হলে তাদের প্রস্তুতিটা হবে না।”
বিসিবি প্রধান জানান, বিশ্বকাপের পর অনেক দিন বাংলাদেশের কোনো খেলা নেই। সেই সময়ে জিম্বাবুয়ে বা অন্য কোনো দলকে এনে টেস্ট সিরিজ আয়োজন করবেন তারা। টি-টোয়েন্টির প্রস্তুতির জন্য কি করা হবে এখনও ঠিক করা হয়নি জানিয়ে নাজমুল হাসান বলেন, “কোচ, অধিনায়ক, নির্বাচকদের সঙ্গে বসে করণীয় ঠিক করা হবে। আশা করছি, যাই হোক সেটা ভালো কিছুই হবে।”
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান। প্রথম রাউন্ড পার হলে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের গ্রুপ সঙ্গী হবে বাংলাদেশ।
এমএম





