বিশ্বকাপ দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল নারাইন। ফলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ জয়ে বড় একটা ধাক্কা খেল ক্যরিবীয় দলটি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার জন্য আত্মবিশ্বাসের সহিত বোলিং করতে নতুন অ্যাকশনে বোলিং করতে নারাইনের আরো সময় প্রয়োজন।’

যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে ত্রিনিদাদের এ তারকা স্পিনারের উপর কোন নিষেধাজ্ঞা নেই। তবে গত সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টে দুইবার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।

বোলিং করার সময় তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাকিয়ে যাওয়ায় টুর্নামেন্টের ফাইনালে নারাইন কোলকাতা নাইটরাইডার্সেও হয়ে খেলতে পারেননি।

ডব্লিউআইসিবির কাছ থেকে সাহায্যের প্রস্তাব পেলেও তা গ্রহণ না করে নারাইন নিজেই অ্যাকশন শুধরানোর কাজ করছেন।

গত রোববার শেষ হওয়া ত্রিনিদাদ ও টোবাগোর আঞ্চলিক একটি টুর্নামেন্টে তিনি মোট ১২ উইকেট শিকার করেছেন।

এমন সাফল্য সত্বেও নিজের পুনর্বাসনে পুরোপুরি সন্তষ্ট নন নারাইন।

শতভাগ নিশ্চিত না হয়ে নারাইন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না বলে বোর্ডের দেয়া বিবৃতিতে জানানো হয়।

নারাইনের নাম প্রত্যাহারকে সমর্থন জানিয়েছে বোর্ডও। তবে বোর্ড ও খেলোয়াড়ের পক্ষ থেকে যে ব্যাখ্যাই দেয়া হোক না কেন, বাইরে অন্য গুঞ্জনও রয়েছে। ত্রিনিদাদের অপর দুই খেলোয়াড় ডোয়াইন ব্রাভো এবং কাইরন পোলার্ডকে চলমান দক্ষিণ আফ্রিকা সফর ও বিশ্বকাপ দলে রাখেনি বোর্ড। তাই অনেকেই নারাইনের নাম প্রত্যাহারের সঙ্গে এ ঘটনারও যোগসুত্র খুঁজছেন।

বোর্ডের সঙ্গে আর্থিক সমস্যা নিয়ে গত অক্টোবরে ভারত সফর বাতিল করা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ছিলেন ব্রাভো এবং দলের সদস্য ছিলেন পোলার্ড।

পরবর্তীতে ব্রাভোকে সরিয়ে দিয়ে অধিনায়কত্ব দেয়া হয় ২৩ বছর বয়সী জেসন হোল্ডারকে। এমনকি দলেও রাখা হয়নি ব্রাভোকে।

নিউজিল্যান্ডের নেলসনে ১৬ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

ডব্লিউআইসিবি খুব শিগগিরই নারাইনের বদলি হিসেবে কারো নাম ঘোষণা করবে।

জেডআই