চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি২০তে গ্রুপ ‘এ’র ম্যাচে দারুণ জয় পেয়েছে কলকাতা নাইটরাইডার্স। গৌতম গম্ভীর ও রবিন উথাপার দুর্দান্ত ব্যাটিংয়ে তারা ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তানের লাহোর লায়ন্সকে।

হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে লাহোরকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল কলকাতা। খেলতে নেমে সুনীল নারিনের বলে নাকানি চুবানি খেয়েছে দলটি। ৯ রান দিয়ে একাই ৩ উইকেট তুলে নিয়েছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার।

অবশ্য নারিনের মারাত্মক স্পিন ঘূর্ণির পরও লড়াইয়ের পুঁজি পেয়েছে লাহোর। আহমেদ শেহজাদের ৫৯ ও উমর আকমলের ৪০ রানের কল্যাণে ৭ উইকেটে ১৫১ রান তুলতে সক্ষম হয়েছিল দলটি।

জবাবে গম্ভীর ও রবিনের মারকাটারি ব্যাটিংয়ে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে গেছে কলকাতা নাইটরাইডার্স। গম্ভীর ৬০ ও রবিন করেছেন ৪৬ রান। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন নারিন।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ