১৩ই আগস্ট আন্তর্জাতিক বাঁহাতি দিবস পালিত হয়। বিভিন্ন সমীক্ষায় পাওয়া তথ্যানুসারে বিশ্বের ৭০ থেকে ৯০ ভাগ লোক ডানহাতি আর ১০ ভাগের মত বাহাতি। অবশ্য অল্প কিছু মানুষ উভয় হাতেই সমানভাবে দক্ষ।
কর্মক্ষেত্রে বাঁহাতিদের অসুবিধা দূরীকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে ১৩ আগস্টকে 'লেফট হ্যান্ডারস ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক বাঁহাতি দিবস' হিসেবে উদযাপন করা হয়।
ডানহাতি মানুষ সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ডেস্ক, কী-বোর্ড, কম্পিউটারের মাউস, ছুরি, কাঁচি, বাদ্যযন্ত্র, দরজা, এমনকি আগ্নয়াস্ত্রসহ আমাদের চারপাশের প্রায় সবকিছুই ডানহাতিদের কথা চিন্তা করে তৈরি।
এসব জিনিস ডান হাতি ব্যবহারকারীদের উপযোগী করে তৈরি। এ কারণে প্রতিটি ক্ষেত্রেই বাঁহাতি মানুষদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়।
এতো প্রতিবন্ধকতা থাকলেও ডান হাতি মানুষের তুলনায় বাঁহাতিরা সাফল্যে কোনো অংশে পিছিয়ে নেই। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কর্মস্থলেও অসাধারণ অবদান রেখে চলেছে।

সেরা বিশ্বব্যক্তিত্বদের তালিকায় চোখ বুলালে নজরে পড়বে- বিখ্যাত 'মোনালিসা'র স্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চি, বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনদের নাম।

নজরে পড়বে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ছাড়াও সম্রাট আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপোর্ট, জুলিয়াস সিজার, রানী ভিক্টোরিয়া, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনক মহাত্মা গান্ধী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনদের মতো মহামতিদের নামও।
এই বাঁহাতিদের তালিকায় রয়েছেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ও বিশ্বের শ্রেষ্ঠ ধনীর তালিকায় কয়েকবার নাম লেখানো বিল গেটসও।

বিস্ময়কর ক্রীড়াবিদ ম্যারাডোনা, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, যুবরাজ সিং, সাকিব আল হাসানের মতো তারকারাও রয়েছেন বাঁহাতিদের দলে।

এছাড়াও হালের জনপ্রিয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানও রয়েছেন বাঁহাতিদের তালিকায়।
রুপালি পর্দা কাঁপিয়ে চলেছেন হলিউড কুইন বাঁহাতি অ্যাঞ্জেলিনা জোলি, কিং টম ক্রুজ, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
সামাজিকভাবে বাহাতি হওয়াটাকে কিছুটা খারাপ চোখে দেখার কারণে ছোট থেকেই বাঁহাতিদের দিয়ে জোর করে ডান হাতে কাজ করানোর চেষ্টা হয়।
আবার যেহেতু সবকিছুই ডানহাতিদের কথা চিন্তা করে তৈরি, বাহাতিদেরও বাধ্য হয়েও ডান হাতে অনেক কাজ করতে হয়, যেটা তারা বাম হাতে করলে আরও বেশি দক্ষতার সাথে করতে পারতো।
এমকে





