বিশ্বের কিছু ঘটনা নিয়ে এবারো অলোচনা আর সমালোচনায় ছিল সপ্তাহটি। এসব ঘটনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাজানো হল এবারের “‌এ সপ্তাহের বিশ্ব”।

ট্রাম্প- এনরিক বৈঠক বাতিল:
এ সপ্তাহের মধ্যে আলোচনায় ছিল মার্কিন প্রেসিডেন্টের সাথে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর এক পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলের বিষয়টি। যা আগামী সপ্তাহে হবার কথা ছিল। ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশ জারির একদিন পরে এ কথা জানালেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো।

11

নির্বাচনী প্রচারণার সময় থেকেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথা বলে আসছিলেন, এবং বরাবরই বলে আসছিলেন মেক্সিকোকে এই দেয়াল নির্মাণের অর্থ দিতে হবে। মেক্সিকো জোরালো ভাবে সবসময় সেটা করতে অস্বীকার করে এসেছে। উল্লেখ্য, ট্রাম্প হুমকি দিয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট দেয়াল নির্মাণের অর্থ দিতে না চাইলে ওয়াশিংটনে তার সঙ্গে বৈঠকটি তার বাতিল করা উচিত।

ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রস্তাবিত প্রায় ২ হাজার মাইল লম্বা দেয়ালটি নির্মাণে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার খরচ হতে পারে। রিপাবলিকান সিনেটররা জানিয়েছে, তারা এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাবে।

পাকিস্তানি নারী সাংসদের আত্মহত্যার হুমকি:
এ সপ্তাহে আরেকটি খবর বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে পাকিস্তানের এক নারী সাংসদের যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যার হুমকি দেয়া নিয়ে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে অনেকটা সমালোচিতও হয়েছে পাকিস্তান।

গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি দিলেন দেশটির একজন নারী সাংসদ। এক মন্ত্রী তাকে নিজের ব্যক্তিগত চেম্বারে ডেকে যৌন হয়রানিমূলক কথা বলেছেন বলে তিনি অভিযোগ করেছেন। অভিযুক্ত মন্ত্রী উপযুক্ত শাস্তি না পেলে তিনি গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন। পাকিস্তানি এই নারী সাংসদের নাম নুসরাত সাহার আব্বাসি।

22

পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুসলিম লিগের সাংসদ হলেন এই নুসরাত সাহার আব্বাসি। তিনি অভিযোগ করেন, গত শুক্রবার পাকিস্তান পিপিলস পার্টির সদস্য মন্ত্রী ইমদাদ পিতাফি তার ব্যক্তিগত চেম্বারে ডেকেছিলেন তাকে। সেই সময়েই তিনি সাংসদ নুসরাতের সঙ্গে যৌন হয়রানিমূলক ব্যবহার করেন।

জানা গেছে, আইনসভায় নুসরাত বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু ডেপুটি স্পিকার তার এই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ নেয়নি। এরপরেই পেট্রলের বোতল হাতে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন নুসরাত সাহার আব্বাসি। সে সময় তিনি এক প্রকার হুমকি দিয়েই বলেন, “সকলের সামনে ক্ষমা চেয়ে নিলেই সব মিটে যায় না। অভিযুক্ত মন্ত্রী পিতাফি উপযুক্ত শাস্তি না পেলে আমি এই পেট্রোল নিজের গায়ে ঢেলে আত্মহত্যা করব।”

পাকিস্তানের রক্ষণশীল সমাজে নারীদের ওপর অ্যাসিড হামলা ও পরিবারের সম্মান রক্ষায় হত্যার ঘটনা প্রায়ই ঘটে থাকে। নারীবাদীরা কয়েক দশক ধরে তাদের অধিকার আদায়ে লড়াই করছেন। এই নুসরাত সাহার ঘটনা সেই বিষয়টিকেই আরও একবার সামনে নিয়ে আসল। শুধু তাই নয়, পাকিস্তানের সাংসদেরাও যে সুরক্ষিত নয় সেটিও জলের মতো পরিষ্কার হয়ে গেল।

জানা গেছে, পিতাফির বিরুদ্ধে দেশ জুড়ে সমালোচনার ঝর উঠলে তিনি সংসদ ভবনে নুসরাতের কাছে ক্ষমা চেয়ে তাকে চাদর পরিয়ে দেন। কিন্তু ক্ষমা চেয়ে নিলেই সমস্যার সমাধান হয়ে যায় না বলে জানিয়েছেন নুসরাত। পাকিস্তানের সংবিধানে নারী সুরক্ষার অনেক গলদ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের সব জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রায় সব জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগের বিষয়টিও বিশ্বকে অনেকটা ভাবিয়ে তুলেছে এ সপ্তাহে। গেল বুধবার নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মন্ত্রণালয়ে থাকা অবস্থাতেই পদত্যাগপত্র দাখিল করেন কর্মকর্তারা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা আন্ডার সেক্রেটারি ফর ম্যানেজম্যান্ট প্যাট্রিক কেনেডির বিকল্প খুজছিল রেক্স টিলারসনের প্রশাসন, যিনি হবেন টিলারসনের ডেপুটি। ওয়াশিংটন পোস্ট জানায়, নয় বছর ধরে ওই পদে কাজ করে আসা কেনেডি এই পদেই থাকবেন বলে ধারণা করা হচ্ছিল। ট্রাম্পের ক্ষমতা পালাবদলের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

33

বুধবার আকস্মিকভাবে প্যাট্রিক কেনেডি ও তার সঙ্গে কাজ করা আরো চার জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেন। কেনেডি ছাড়া অন্য চারজন হচ্ছেন অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর অ্যাডমিনিস্ট্রেশন জয়েস অ্যান বার, সেক্রেটারি অব স্টেট ফর অ্যাডমিনিস্ট্রেশন ফর কনস্যুলার অ্যাফেয়ার্স মিশেল বন্ড এবং ফরেন মিশন ডিরেক্টর জেন্ট্রি ও স্মিথ। ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে তারা ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের প্রশাসনের অধীনে কাজ করেছেন।

এছাড়াও ট্রাম্প ক্ষমতাগ্রহণের দিনে সেক্রেটারি অব স্টেট ফর ডিপ্লোমেটিক সেক্রেটারি গ্রেগরি স্টার অবসরে যান, ডিরেক্টর অব ব্যুরো অব ওভারসিজ বিল্ডিং অপারশেন লিডিয়া মুনিজ একই দিনে প্রশাসন ত্যাগ করেন। আর এতে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রায় সব জ্যেষ্ঠ কর্মকর্তা শূন্য হয়ে গেল।

সাবেক মার্কিন কূটনীতিবিদ ডেভিড ওয়েড বলেন, একই সময়ে এত জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ প্রশাসনের ইতিহাসে দেখা যায়নি এবং তাদের স্থলাভিষিক্ত করা অনেক কঠিন। পররাষ্ট্র দফতরের নিরাপত্তা, ব্যবস্থাপনা, প্রশাসন ও কনস্যুলার পজিশনের বিশেষজ্ঞদের খুজে পাওয়া অনেক কঠিন।

এছাড়া আরো অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা আঞ্চলিক ব্যুরোগুলো থেকে পদত্যাগ করেছেন নির্বাচনের পরে। তবে ব্যবস্থাপনা ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জটিল আমলাতন্ত্র পরিচালনা অনেক কঠিন হয়ে যাবে।

যুক্তরাজ্যের ছায়ামন্ত্রীত্ব থেকে টিউলিপের পদত্যাগ:
যুক্তরাজ্যের ছায়ামন্ত্রীত্ব থেকে টিউলিপের পদত্যাগের বিষয়টিও বিশ্বের পাশাপাশি বিশেষ করে বাংলাদেশে খুব আলোচিত হয়। জানা যায়, ব্রেক্সিট কার্যকরে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির পরিকল্পনার অংশ হওয়া থেকে বিরত থাকতে বিরোধী দলের ফ্রন্ট বেঞ্চ (শিক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী) থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিকী। বিরোধী দলের নেতা জেরেমি করবিনের কাছে লেখা চিঠিতে তিনি বলেন, যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রক্রিয়ায় অংশ নিলে সেটি হবে তার ভোটারদের সঙ্গে বেঈমানি।

উল্লেখ্য, গত ২৩ জুন অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটে টিউলিপের নির্বাচনী এলাকার ৭৫ শতাংশ ভোট পড়েছে ইইউ ত্যাগ করার বিপক্ষে।

44


শিশু শিক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী টিউলিপ তার পদত্যাগপত্রে লিখেন, আমি সবসময় পরিষ্কারভাবে বলেছি, আমি হাম্পস্টিপ ও কিলবার্নে (নির্বাচনী এলাকা) ওয়েস্ট মিনিস্টারের (যুক্তরাজ্য পার্লামেন্ট) এর প্রতিনিধিত্ব করিনা বরং ওয়েস্ট মিনিস্টারে আমি আমার নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করি। আমি মনে করি প্রধানমন্ত্রীর থেরেসা মে’র হার্ড ব্রেক্সিট মোকাবেলা করার জন্য আমার কার্যকর পন্থা হচ্ছে ব্যাকবেঞ্চে।

ব্রেক্সিট কার্যকরে আর্টিকেল ৫০ বিলে লেবার এমপিদের সমর্থন ও থ্রি লাইন হুইপ (যুক্তরাজ্যের পার্লামেন্টে দলীয় সিদ্ধান্ত মানতে কোনো দলের নেতার নির্দেশে সদস্যদের বাধ্য করার অবস্থা) জারির পরিকল্পনার কথা জানার পরে বৃহস্পতিবার এই ফ্রন্টবেঞ্চ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ। তিনি বলেন, আমি আর্টিকেল ৫০ বিল বলবৎ করার সিদ্ধান্ত সমর্থন করি না, তাই আমি ফ্রন্টবেঞ্চে থাকতে পারবো না।

বঙ্গবন্ধু তনয়া শেখ রেহানার কন্যা টিউলিপ ২০১৫ সালে প্রথম ব্রিটিশ পার্লামেন্টের এমপি হিসেবে নির্বাচিত হন। গত সেপ্টেম্বরে পুনরায় নির্বাচিত হওয়ার পরে বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনের ছায়া মন্ত্রণালয়ে তাকে অন্তর্ভুক্ত করা হয়।


পদত্যাগপত্রে ব্রেক্সিট প্রসঙ্গে টিউলিপ লিখেন, ইইউ ত্যাগ আমার নির্বাচনী এলাকার জন্য অনেক অনিশ্চয়তা নিয়ে এসেছে এবং সেখানে বেশিরভাগ মানুষ মনে করে এতে সম্ভাব্য কোনো লাভ হওয়ার চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হবে। টিউলিপ যোগ করেন, কোনো জটিলতা সৃষ্টি করার উদ্দেশ্যে নয় বরং তার নির্বাচনী এলাকার প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

তুষারপাতে আফগানিস্তানে ২৭ শিশুর মৃত্যু:
তুষারপাত ও প্রচণ্ড ঠাণ্ডায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জৌযান প্রদেশের দারজাব অঞ্চলে ২৭ শিশু মারা যাওয়ার খবরটি বিশ্বকে অনেকটা শোকাহত করেছে। বৃহস্পতিবার জেলা গভর্নর রহমতুল্লাহ হাশার সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের তথ্যানুসারে ২৭ জন শিশু মারা গেছে।

প্রচণ্ড তুষার ঝড়ের কারণে রাস্তা বন্ধ থাকায় তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা সম্ভব হয়নি। চিকিৎসা সেবা না পেয়ে শিশুরা জীবন হারাল।

55

কয়েকদিন আগে শুরু হওয়া এই তুষারপাতে বিপর্যস্ত আফগানিস্তান। দেশটির কোন কোন স্থানে ৫০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমে আছে। বিশেষত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই তুষার ঝড়ে। জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউমেনেটরিয়ান অ্যাফেয়ার্স আফগানিস্তানের এরূপ পরিস্থিতিতে সহায়তার জন্য ৫৫ কোটি মার্কিন ডলার চেয়েছে। দ্রুত সেখানে কাজ শুরু করা না হলে এই পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এমএনজে