আজ ১২-ই আগস্ট। বিশ্ব যুব দিবস। আজকের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯৯ সালে এ দিবসটি ঘোষিত হয়।

এর আগে ১৯৯৫-এর ১৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০০ সাল ও পরবর্তীকালের জন্য বিশ্ব যুবকর্ম পরিকল্পনা গ্রহণ করে।

সামাজিক জীবনে যুবক ও যুব মহিলাদের সকল কর্মে অংশগ্রহণ, বিগত দশকে উন্নয়ন ও অংশগ্রহণ এবং শান্তির ক্ষেত্রে মৌলিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তন, যুবসমাজের অবস্থার পরিবর্তনের বিষয়ে বেসরকারি সংস্থার সঙ্গে ক্রমাগত সংলাপ ও পরামর্শ গ্রহণের বিষয়টি মাথায় রেখে এবং ১৯৯০ ও ১৯৯৪-এ অনুষ্ঠিত সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ২০০০ সাল ও পরবর্তীকালের জন্য বিশ্ব যুব কর্মপরিকল্পনা গৃহীত হয়।

পরিকল্পনায় দশটি ক্ষেত্র অর্থাৎ শিক্ষা, কর্মসংস্থান, ক্ষুধা ও দারিদ্র্য, স্বাস্থ্য, পরিবেশ, মাদকের অপব্যবহার, কিশোর অপরাধ, অবসরের কর্মকাণ্ড, বালিকা, যুব মহিলা এবং সমাজ জীবনে ও সিদ্ধান্ত গ্রহণে যুবকদের পূর্ণ এবং কার্যকর অংশগ্রহণ বিষয়কে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়।

অপার সম্ভাবনাময় দেশে দেশে বিদ্যমান যুবশক্তিকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়াসে গণসচেতনতা সৃষ্টির জন্য এর আগেই জাতিসংঘ ১৯৮৫ সালে আন্তর্জাতিক যুববর্ষ ঘোষণা করে।

এ ঘোষণার আলোকে বাংলাদেশ অন্যান্য দেশের মতো আন্তর্জাতিক যুববর্ষ পালন করে এবং একই চেতনায় প্রতিবছর ১ নভেম্বর পালন করে যুব দিবস।

পরবর্তীকালে যুব দিবসের মধ্যে কর্মকাণ্ড সীমাবদ্ধ না রেখে ১৯৯৭ সাল থেকে জাতীয় যুব উৎসব পালন করা হয়।

এসএইচ