আজ রোববার, ২৬ এপ্রিল, আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।
এ উপলক্ষে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইপিএফ) এর উদ্যোগে ভিআইপি আইপি ক্যাম্প ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এতে কপিরাইট ও মেধাস্বত্বের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোশারফ হোসেন, উন্মাদ পত্রিকার সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীব, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অফিস অব প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনিংয়ের (আপডেট) আইন উপদেষ্টা থমাস ডোহাড়টি, ব্র্যান্ড শিল্পী হামিন আহমেদ, কপিরাইট নিবন্ধক নবীরুল ইসলাম, উদ্যোক্তা মিনহাজ আনোয়ার, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল্লাহ আরিফ প্রমুখ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোশারফ হোসেন বলেন, সময়ের সাথে সাথে মেধাস্বত্ব সংরক্ষণে রাষ্ট্র উদ্যোগী হচ্ছেন। সরকারিভাবে সারা বছর পাইরেসি বন্ধে নানা কর্মসূচি পরিচালিত হচ্ছে।
উন্মাদ পত্রিকার সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, “কার্টুনের মত সৃজনশীল বিষয়গুলোর মেধাস্বত্ব সংরক্ষণ করতে হবে। কার্টুনিস্টদের সচেতন হতে হবে। কার্টুনিস্ট এখন একটি জনপ্রিয় চাকরি ক্ষেত্র। তরুণরা চাইলে কার্টুন আঁকাকে পেশা হিসেবে নিতে পারেন।”
ব্র্যান্ড শিল্পী হামিন আহমেদ বলেন, “কপিরাইট ও মেধাস্বত্ব সংরক্ষণে সচেতনতার বিকল্প নেই। পাইরেসি বন্ধে আইনের সুষ্ঠু বাস্তবায়ন জরুরি। সরকার উদ্যোগী হলে সবই সম্ভব।”
কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ বলেন, “প্রতিদিন নতুন নতুন উদ্ভাবন হচ্ছে। উদ্ভাবকদের অধিকাংশই হচ্ছে তরুণ। যাদের অধিকাংশেরই আইপি সম্পর্কে ধারণা দরকার। যাতে করে এরা নিজেদের সৃষ্টিশীল কাজ রক্ষা করতে পারে এবং অন্যের কাজের প্রতি সম্মান দেখাতে পারে। এই তরুণদের বর্তমান সময়ের সাথে মেধাস্বত্বের দিক থেকে প্রস্তুত করাই এই ক্যাম্পের লক্ষ্য।”
বিসিআইপিএফ এর অনুপ্রেরণায় গঠিত ভলেন্টিয়ার ফর আইপি (ভিআইপি) প্রকল্পের আওতায় দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে সহযোগী হিসেবে ছিল কপিরাইট অফিস, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর, বেসিস ও ইএমকে সেন্টার। ভিআইপি ২০১৫ ক্যাম্পের পৃষ্ঠপোষকতায় ছিল বেলিসিমো আইসক্রিম।
ভিআইপি, ইয়ুথ আইপি ক্যাম্প কপিরাইট ফোরামের একটি উদ্যোগ। যার মাধ্যমে মেধাস্বত্ব দিবস উপলক্ষে প্রতিবছর ১০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধাস্বত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
জেডআই





