পাকিস্তানে দুধের দাম নাগালের বাইরে চলে যায় পবিত্র আশুরার দিন। এদিন পাকিস্তানের বড় শহরগুলোতে পেট্রোলের দামের থেকেও বেশি দামে বিক্রি হয় দুধ।

ফলে মহরমের দিন দুধের জন্য সাধারণ মানুষের মধ্যে মুসলিম প্রধান দেশটিতে এক প্রকার হাহাকার পড়ে যায়।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, করাচি ও সিন্ধু প্রদেশে লিটারপ্রতি দুধের দাম গিয়ে ঠেকেছে ১৪০ রুপি পর্যন্ত। সে ক্ষেত্রে জ্বালানি তেলের দাম দুধের তুলনায় অনেকটাই কম। পেট্রলের দাম লিটারপ্রতি ১১৩ রুপি ও ডিজেলের দাম ৯১ রুপি প্রতি লিটার।

মহররমের সময় পাকিস্তানের বিভিন্ন জায়গায় দুধ ও ফলের রসের অস্থায়ী দোকান বসে। ওইসব পানীয় তুলে দেওয়া হয় মহররমের মিছিলে হাঁটা মানুষের হাতে। এ সময়ে দুধের চাহিদা তুঙ্গে উঠে যায়। দামও বেড়ে যায় অনেক। করাচি ও সিন্ধু প্রদেশে দুধের দাম কোথাও ১২০ রুপি, আবার কোথাও ১৪০ রুপি প্রতি লিটার।

করাচির এক দোকানদার সংবাদমাধ্যমে বলেন, ‘প্রতি বছরই মহররম উপলক্ষে স্টল দেই। এবার দুধের দাম বেড়েছে, তবুও স্টল দিচ্ছি।’

আকাশছোঁয়া দুধের দাম প্রসঙ্গে করাচির কমিশনার ইফতিকার শালওয়ানি বলেন, ‘দাম নিয়ন্ত্রণের ভার যাঁদের হাতে তাঁরা কিছুই করছেন না। সরকারি দাম অনুযায়ী লিটারপ্রতি দুধের দাম ধার্য করা হয়েছে ৯৪ রুপি। তারপরও দাম ওই জায়গায় গিয়ে পৌঁছেছে।’

এএস