দলীয় ইমেজ বৃদ্ধিতে চীনের কমিউনিস্ট পার্টির সদস্যদের জন্য একের পর এক কঠোর নিয়ম-নীতি প্রণয়ন করছে দলটির নীতি নির্ধারকেরা। অতি সম্প্রতি দলের সদস্যদের জন্য এসব নিয়ম করা হয়েছে।
এর মধ্যে রয়েছে-অতিরিক্ত খাওয়া ও পান করা যাবে না, কোনো নারীর সঙ্গে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না এবং গলফ খেলা যাবে না।
গতকাল (বৃহস্পতিবার) চীনের একটি বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস ও বিবিসি।
চীনের সিনহুয়া বার্তা সংস্থার খবরটিতে জানানো হয় এটিই প্রথম নয়। এর আগেও দলটির সদস্যদের জন্য এমন আরও অনেক নিয়ম প্রণয়ন করেছে দলটির নীতি নির্ধারকেরা।
খবরে বলা হয়, ক্ষমতাসীন দলটির পরিচ্ছন্ন ভাবমূর্তি আরও বেশি করে ফুটিয়ে তোলার জন্যই এ মাসের শুরুতে নতুন এ নিয়ম প্রণয়ন করা হয়।
দলটির পক্ষ থেকে নতুনভাবে আরোপিত এসব নিয়মের ব্যাপারে বলা হচ্ছে-এটি একটি নীতিগত কোড; যা সদস্যদের অবশ্যই মেনে চলতে হবে।
খবরে বলা হয়, দলের সদস্যদের জন্য আগে থেকেই উপপতি বা উপপত্নী রাখা এবং ব্যভিচার করা নিষিদ্ধ ছিল। কিন্তু ‘কোনো নারীর সঙ্গে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক করা যাবে না’ শীর্ষক বর্তমান নিয়মটি আরও বেশি কঠোর।
এছাড়া গলফ না খেলা এবং বেশি খাওয়া ও পান করা সংক্রান্ত নিয়মগুলো একেবারেই নতুন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, দলটির ৮ কোটি ৮০ লাখ সদস্যদের জন্য দলের ভেতর চক্রান্ত করা এবং স্বজনপ্রীতি আগে থেকেই নিষিদ্ধ ছিল। তবে এ সব নিয়মের ভঙ্গ করা হলে কী ধরনের শাস্তি দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি বার্তা সংস্থার খবরটিতে।
কেবি





