নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) এবং শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনায় পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শোভা চাকমাকে রাঙামাটি সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

এনএইচ