মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া হাজীঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিমা আক্তার (২৫) ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর বড়ছড়া হাজীঘোনা এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রী দুজনই কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে ফিশ ফ্রাই বিক্রি করে সংসার চালাতেন।
স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টির মাঝে পাহাড়ের একটি অংশ হঠাৎ ধসে পাশের বসতবাড়ির ওপর পড়ে। এতে লিমা ও তার স্বামী জসিম মাটিচাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, অন্য কোথাও কেউ আটকে পড়েছেন কি-না তা জানতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালানো হয়। কিন্তু আর কোনো হতাহত পাওয়া যায়নি। ঘটনাস্থলে সদরের ইউএনও গিয়ে ঝুঁকিতে থাকা লোকজনকে অন্যত্র সরিয়ে দিয়েছেন।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলার ইউএনও তাহমিনা আক্তার বলেন, টানা ভারী বর্ষণে বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি প্রবল। দরিয়ানগরে পাহাড়ধসে স্বামী-স্ত্রী হতাহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। যারা বেশি ঝুঁকিতে ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।
এমএম