র‌্যাব সূত্রে জানা গেছে, আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে বুধবার বিকেলে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ জানায়, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেন।

তল্লাশির সময় ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত টয়লেটের মেঝেতে রাখা কয়েকটি ইট সরিয়ে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলভার এবং ২২ বোরের দুই রাউন্ড গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া রিভলভারের ব্যারেল, আট চেম্বারবিশিষ্ট সিলিন্ডার, ট্রিগার, ট্রিগার গার্ড ও হ্যামার অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা খোদাই করা ছিল। এছাড়া উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘T’ খোদাই করা দেখা গেছে।

র‌্যাব-৪ এর এসআই মো. মিজানুর রহমান জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্র ও গুলি জব্দ করা হয় এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা হয়নি।

এনএইচ