স্থানীয়দের দাবি, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সীমান্তের ভারতীয় অংশে হঠাৎ করে বিএসএফ ফ্লাডলাইট বন্ধ করে দেয়। অন্যান্য সীমান্তে একই কৌশলে পুশইনের ঘটনা ঘটেছে- এমন ধারণা থেকে স্থানীয়রা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেন। তাদের চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে বিএসএফ পুনরায় ফ্লাডলাইট চালু করে।
শনিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত অনেক স্থানীয় বাসিন্দা সীমান্ত এলাকায় অবস্থান করেন।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে ফ্লাডলাইট বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে পুশইনের আশঙ্কা সৃষ্টি হয়। এ কারণে তারা সীমান্ত এলাকায় জড়ো হন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিএসএফ ১২ জনকে পুশইনের উদ্দেশ্যে সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করিয়েছিল। তবে বিজিবি সদস্য ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরো বলেন, চকপাড়া সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এনএইচ