গোপালগঞ্জে: গোপালগঞ্জে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বেদগ্রাম এলাকায়। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই একই পরিবারের দুজনসহ মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
ঈদে ফাঁকা সড়কে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
বগুড়ার শেরপুর ধুনট আঞ্চলিক সড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শুভগাছা আকন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
নিহত অপরজনের নাম তামিম হোসেন (১৮)। তিনি উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তামিম শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
দিনাজপুর: দিনাজপুরে বৃষ্টির মধ্যে গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ায় যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন নারী ও শিশুসহ চারজন। পরে হাসপাতালে নেয়া হলে দুই শিশুর মৃত্যু হয়।
নাটোর: নাটোরের গুরুদাসপুরে পৃথক পাঁচ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মানজুরুল ইসলামের ছেলে নাদিম ইসলাম রুবেল (২৫) এবং গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট শিয়ানপাড়া এলাকার সায়েম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (২০)।
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আব্দুল কাদের নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৮ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল কাদের (৩১) লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১ টায় উপজেলার উলানিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন— মো. তামিম হাওলাদার(২০) ও মো. ফয়সাল (১৯)। দুজনই গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগের বাসিন্দা।
গুরুতর আহত হয়েছে অটোরিকশা যাত্রী সোহরাব (৫০) ও শরীফ (২৫)। আহতদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরের কলেজ শিক্ষার্থী কানন আহমেদের (১৭)। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান কানন। নিহত কানন উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
এছাড়া টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় সফিকুল ইসলাম সফি (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে ঈদের দিন উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম সফি ওই এলাকার জবান মোল্লার ছেলে। পেশায় সফিকুল ইসলাম সফি দর্জি ব্যবসায়ী ছিলেন।
ফরিদপুর: থেকে পদ্মা সেতু দেখতে গিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলো— জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) ও একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।
চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া ব্রিজ ও ক্রসিং এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও থ্রি হুইলার (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে শিকলবাহা আদর্শ পাড়া তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈগল পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে ও উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ঈদের দিন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নারী। বৃহস্পতিবার (২৮ মে) দুপরে উপজেলার ভাসানী তিস্তা সেতুর উত্তরপ্রান্তে শহরের মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত মালেকা উপজেলার ডাঙ্গারচর গ্রামের পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী। তাদের তিনটি মেয়ে আছে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচরুখী এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি যানবাহনের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমএম