মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন খনির মহাব্যবস্থাপক (প্রশাসন ও সেবা) সৈয়দ রফিজুল ইসলাম।
তিনি বলেন, ‘আমদানি করা বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) মজুত শেষ হয়ে যাওয়ায় পাথর উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যে বিস্ফোরকের নতুন চালান খনিতে পৌঁছাবে। উৎপাদন বন্ধ থাকলেও বর্তমানে খনির ভেতরের রক্ষণাবেক্ষণ কাজ চলছে। তবে এই সাময়িক বন্ধের কারণে বাজারে পাথর সংকটের কোনো প্রভাব পড়বে না।’
খনি সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ সময়মতো বিস্ফোরক দ্রব্য সরবরাহ করতে না পারায় এর আগেও খনিটির উৎপাদন ব্যাহত হয়েছে। এর আগে ২০২২ ও ২০২৫ সালেও অ্যামোনিয়াম নাইট্রেটের অভাবে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। এছাড়া বিস্ফোরক সংকটে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে ২ মাস এবং ২০১৮ সালে ৭ দিন খনির উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল।
২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের ‘মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড’ (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বর্তমানে খনিটিতে তিন শিফটে প্রায় সাড়ে ৭০০ শ্রমিক কাজ করছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে ৬ বছরের জন্য চুক্তি নবায়ন করে খনি কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছিল।
এমএম