শনিবার (২০ জুন) সকালে গুলশান-২-এর ২৮ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আবুল বাশারের বিরুদ্ধে অসংখ্য প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে কয়েকদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
তিনি জানান, সর্বশেষ তার বাসায় অবস্থানের তথ্য নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে বাসাটি ঘিরে ফেলে পুলিশ। শনিবার সকালে তল্লাশি চালিয়ে বাথরুমের পেছনে বিশেষ কায়দায় তৈরি একটি সুড়ঙ্গ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান আরও বলেন, গুলশানসহ রাজধানীর বিভিন্ন থানায় আবুল বাশারের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবারই তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত বছরের অক্টোবরেও প্রতারণার অভিযোগে আবুল বাশারকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে জামিনে মুক্তি পেয়ে আবারও প্রতারণামূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
জানা যায়, আবুল বাশার ‘বিটিএল গ্রুপ’ (BTL Group) নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এই গ্রুপের বিরুদ্ধেও প্রতারণা ও অর্থ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। গত কোরবানি ঈদের আগে একটি এগ্রো খামার থেকে ৮টি গরু নিয়ে ১২ লাখ ৫০ হাজার টাকার চেক দিয়ে প্রতারণা করার অভিযোগও রয়েছে।
এমএম