জাতিসংঘের সর্বোচ্চ ফোরামে বাংলাদেশের একজন মন্ত্রীর সভাপতির দায়িত্ব পাওয়া দেশের জন্য বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখছে সরকার।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। তাঁর মতে, এই অধিবেশন বাংলাদেশের জন্য ‘নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক’।

খলিলুর রহমানের সভাপতির দায়িত্ব পাওয়া জাতীয় গৌরবের বিষয় উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এই পদ পাওয়ার জন্য সাইপ্রাস প্রায় এক দশক ধরে প্রচারণা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত বাংলাদেশই সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৩টি মিশনের সমন্বিত প্রচেষ্টায় এই কূটনৈতিক সাফল্য এসেছে। একই সঙ্গে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও স্থিতিশীলতা ফিরে আসাও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।

জাতিসংঘের এবারের অধিবেশনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ও স্বার্থ আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

এস