সোমবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রেভল্যুশন অডিটরিয়ামে’ আয়োজিত ‘গণমাধ্যম, গণ-আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট ডিভাইসের বিকাশ সমাজে ব্যাপক পরিবর্তন এনেছে। গত ২০ থেকে ২৫ বছরে ডিজিটাল রূপান্তরের কারণে সমাজে যে পরিবর্তন এসেছে, তা আগের দীর্ঘ সময়ের পরিবর্তনের তুলনায় অনেক বেশি।

তিনি বলেন, একসময় শুধু সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত গণমাধ্যমের প্রচারণাকেই গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে এখন জনগণের স্বতঃস্ফূর্ত মতামত ও গণ-আকাঙ্ক্ষা সরাসরি প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মতো প্রতিষ্ঠানগুলোর মূল কাঠামো তৈরি হয়েছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসের যুগের আগে।

বর্তমান বাস্তবতায় দর্শক ও শ্রোতাদের পরিবর্তিত চাহিদা, ক্লাউড প্রযুক্তি এবং নতুন ধরনের চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গণ-আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত করতে বিশেষজ্ঞ জ্ঞান, টেকসই প্রযুক্তি ও দক্ষতার সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

সেমিনারে উপস্থাপিত আলোচনা ও সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।

সেমিনারে গণমাধ্যম গবেষক, শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস